'Identity Card ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ
'Identity Card' শিরোনামে এই কবিতাটি বহু বহুবার অনূদিত হয়েছে। ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারভিশের পুরো কবিতাটির শরীর জুড়ে আগ্রাসনকারীদের প্রতি ক্রোধ কাচের গুঁড়োর মতো ছড়িয়ে রয়েছে; শেষ হওয়ার আগে তা তীক্ষ্ণমুখ ভাঙা কাচের ফলা হয়ে উঠে আমাদের বুঝিয়ে দিচ্ছে—তাঁর এই কবিতাটি কেন জায়নবাদী ইসরায়েলিদের কাছে আজও ‘সবচেয়ে ঘৃণিত কবিতা’ বলে বিবেচিত।
পরিচয়পত্র? [] মাহমুদ দারভিশ্
আমি একজন আরব
আমার পরিচয়পত্রের নম্বর ৫০০০০
আমার আটটা ছেলেমেয়ে আছে
পরের গরমকালেই ন-নম্বরটা আসছে…
তোমার রাগ হচ্ছে?
…লেখো!
আমি একজন আরব
আমার মতোই অনেকজনের সাথে
আমি খনিতে গতর খাটাই।
আমার আটটা ছেলেমেয়ে
ওই পাথরভাঙা টাকায়
আমি তাদের রুটি, জামা আর খাতা কিনে দিই
কিন্তু তোমার চৌকাঠে দাঁড়িয়ে হাত পেতে
আমি যতটা লম্বা তার থেকে নিজেকে খাটো করি না।
এতে তোমার রাগ হচ্ছে?
লেখো
আমি একজন আরব
আমি একটা নাম
যার কোনো পদবি নেই
আমি এই দেশেরই একটা জ্বরো মানুষ
যেখানে সবকিছু রাগে পুড়ে খাক!
সময়ের জন্মের ঢের আগে থেকে
আমার শিকড় এই মাটিতে চারিয়েছে
সেই কস্মিনকালেরও আগে
এই সাইপ্রাস আর জলপাই-গাছগুলিরও আগে
আর আগাছায় জমি ভরে যাওয়ার অনেক আগে।
আমার বাবার
কোনো বংশগৌরব ছিল না
কারণ আমার ঠাকুরদা
গোত্রহীন এক কৃষক ছিল।
রাত-পাহারাদারদের কুঁড়েঘরটা যেমন হয়
সেরকমই শুকনো ডাল আর খাগড়ায় বোনা
আমাদের এককুচি ঘর ছিল।
জেনে খুশি হলে তো যে
আমি একটা নাম যার পিছনে
কোনো পদবি নেই?
লেখো
আমি একজন আরব
চুলের রং: কুচকুচে কালো
চোখের মণি: খয়েরি
জন্মদাগ: মুখ আর কপাল-ঢাকা ক্যেফিয়াহ্
(ছুঁয়ে দেখ, আঙুলে ছ্যাঁকা লাগবে)
ঠিকানা: নামবিহীন প্রত্যন্তের সেই গ্রাম
জনশূন্য রাস্তাগুলোরও কোনো নাম নেই
মানুষগুলো যেখানে ক্ষেতে আর খনিতে গেছে।
বুঝতে পারছি না, এত রাগের কী আছে?
লেখো
আমি একজন আরব
যার সাতপুরুষের আঙুরবাগিচা আর
কষ্টে চষা জমিজিরেত সবটা বেহাত হয়ে গেছে
আমাদের আর আমাদের নাতি-নাতনিদের জন্য
এই রুক্ষ পাথরগুলি ছাড়া কিচ্ছুটি পড়ে নেই।
তোমাদের সরকার শুনছি সেগুলিও নিয়ে নেবে!
না কি?
অতএব
প্রথম পৃষ্ঠায় একেবারে ওপরের দিকে
লিখে রাখো—
আমি একজন আরব
আমি কাউকে ঘৃণা করি না
আমি কাউকে মারি না, ধরি না
পরের ঘরে ঠেলে ঢুকি না
কিন্তু… যদি আমার খিদে পায়
তাহলে আমি আমার দখলদারদের মাংস খেয়ে ফেলি।
সাবধান! সাবধান আমার খিদে থেকে!
আর আমার রাগ থেকেও সাবধান!
মূল আরবি থেকে অনুবাদ: ডেনিস জনসন-ডেভিস
ইংরেজি থেকে বাংলায় অনুবাদ: শুদ্ধব্রত দেব
No comments